প্রত্যয়ের বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতা

| শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৩২ অপরাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি মিলনায়তনে লায়ন ক্লাব অব চট্টগ্রাম বাকলিয়ার সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রত্যয়ের নির্বাহী পরিচালক মো. আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে ও সিনিয়র সদস্য নীহারিকা পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন একেএম সালাউদ্দিন উদ্দীন। প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ আবু তৈয়ব। বক্তব্য রাখেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, অধ্যাপক ভগির দাশ, প্রণব চৌধুরী, সাইফুল ইসলাম সোহেল, এরশাদ হোসাইন, শিবু মল্লিক, হৈমন্তী দে।

অতিথিরা বলেন, সর্বস্তরে বাংলাভাষার প্রচলন যেমন জরুরি, ঠিক তেমনি বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারও জরুরি। প্রত্যয়ের আয়োজনে বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতা শিক্ষার্থীদের বাংলা ভাষার সঠিক চর্চার প্রতি মনোযোগী করবে। ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে সচেতন করবে।

প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রত্যয় ১১ বছর ধরে বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে। শিক্ষার্থীরা যাতে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে পারে, বাংলা ভাষার সঠিক চর্চা করার ক্ষেত্রে সচেতন হতে পারে সেই লক্ষ্য নিয়ে এই প্রতিযোগিতার যাবতীয় আয়োজন।

অনুষ্ঠানে একুশের গান ও কবিতার দলীয় ও একক আবৃত্তি, দলীয় নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন একাডেমির শিক্ষার্থীরা। পরে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান এমপির