প্রতিষ্ঠানের কার্যক্রমে গতি আনে ই-গভর্ন্যান্স

চবিতে কর্মশালায় বক্তব্য

| বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১১:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘ই-গভর্ন্যান্স’ ও ‘ইনোভেশন কর্মপরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার প্রথম পর্ব গতকাল বুধবার ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। তিনি বলেন, প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের ফলে পারস্পরিক ভাব-জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রত্যেকের কর্মস্পৃহা ও কর্মকৌশল সমৃদ্ধ হয়।

তিনি বলেন, বর্তমান আধুনিক বিশ্বে ই-গভর্ন্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে ই-গভর্ন্যন্সের কোনো বিকল্প নেই। এছাড়া প্রতিষ্ঠানের কার্যক্রমে গতি আনা এবং স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিতকরণে ই-গভর্ন্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। আমন্ত্রিত অতিথি ছিলেন চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন ও প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী। রিসোর্স পার্সন ছিলেন বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ আনোয়ারুল আজিম ও প্রফেসর ড. ইকবাল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ৫শ কৃষক পেলেন বীজ ও সার
পরবর্তী নিবন্ধপদ্মা সেতুর উদ্বোধনে খুলশী ক্লাবে আনন্দ উৎসব