নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার। সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে জাতি গঠনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঠাকুরগাঁও–১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খবর বাংলানিউজের।
গতকাল শুক্রবার বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে এসব মন্তব্য করেন তিনি। এলজিআরডি মন্ত্রী বলেন, আপনারা আমাকে সমর্থন জানিয়েছেন। আমি চির ঋণী, আপনাদের ঋণ কখনো শোধ করতে পারব না। খুব শিগগিরই ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করা হবে। ইপিজেড ও বিমানবন্দর চালুকরণের কার্যক্রম চলমান রয়েছে। কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। আল্লাহ আমাদের জনকল্যাণমুখী একটা রাষ্ট্র গঠনের শক্তি দিক। ৫২, ৭১, ২৪ কে ধারণ করে এগিয়ে যেতে চাই।
এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ইএসডিও নির্বাহী পরিচালক ড. শহীদউজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।









