প্রচলিত সমাজব্যবস্থায় পূর্ণভাবে জাকাত আদায় সম্ভব

সেমিনারে বিভাগীয় কমিশনার

| সোমবার , ২ মার্চ, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

জিডিপির হিসেবে বাংলাদেশে বার্ষিক আদায়যোগ্য জাকাত এক লক্ষ ৪৪ হাজার কোটি টাকা। কিন্তু এর সিংহভাগই আদায় হচ্ছে না। ইসলামী রাষ্ট্রব্যবস্থায় জাকাত বাধ্যতামূলকভাবে আদায় করা হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এভাবে আদায় সম্ভব নয়। তবে সরকার বিভিন্ন উপায়ে জাকাত সংগ্রহ ও বণ্টন কার্যক্রম অত্যন্ত গুরুত্বের সাথে চালিয়ে যাচ্ছে। দেশের প্রচলিত ইসলামী সমাজব্যবস্থায় জাকাত পূর্ণভাবে আদায় করা অসম্ভব নয়। সকলের ঐকান্তিকতার বলে এ কাজ সম্ভব। চট্টগ্রাম জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কর্তৃক জাকাত বিষয়ক সেমিনারে

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন এ কথা বলেন। গতকাল রবিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা জাকাত কমিটির সভাপতি ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম ইসলাম মিঞার সভাপতিত্বে এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাকাত বোর্ডের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল হক এবং ইসলামিক ফাউণ্ডেশন, ঢাকার পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। জাকাত কার্যক্রম : ইসলামী অর্থনীতিতে ভূমিকা শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুফতি হুমায়ুন কবির।

উপপরিচালক ফাহমিদা বেগমের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক সরকার সরোয়ার আলম। অন্যান্যের মধ্যে সাবেক পরিচালক বোরহান উদ্দিন মোহাম্মদ আবু আহসানসহ বিভিন্ন জেলার উপপরিচালকবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আলোচনায় অংশ নেন। সেমিনারের সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মানুষ নিয়মিত হাসপাতাল ও কবরস্থানে গেলে তাদের মধ্যে মানবিকতার জাগরণ ঘটবে। সেই মানবিকতা আজকের অসহায় ও অভাবগ্রস্ত মানুষের কল্যাণার্থে বড়ই প্রয়োজন। সেমিনারে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি বিভাগীয় কমিশনারের হাতে জাকাতের চেক তুলে দেন। বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে বিজয়ীরা দেশের বিভিন্ন স্থানে পরাজিতদের ওপর হামলা করছে
পরবর্তী নিবন্ধসংসদ অধিবেশনের প্রথম দিনে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন : স্বরাষ্ট্রমন্ত্রী