পোর্ট সিটি ভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রশিক্ষণ কর্মশালা

| শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) ইয়ুথ কানেক্ট প্রকল্পের অংশ হিসেবে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ‘‘ইয়ুথ কানেক্ট : ডিজিটাল সিটিজেনশীপ অ্যান্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স ট্রেনিং ২০২৫” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এবং ইউল্যাবের সেন্টার ফর কোয়ালিটেটিভ অ্যান্ড ক্রিটিক্যাল স্টাডিজের (সিকিউএস) সহায়তায় গত ৫৭ জানুয়ারি এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন। এসময় মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মাইনুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই কর্মশালায় ৩০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে শিক্ষার্থীদের ডিজিটাল সিটিজেনশিপ, গুজব ও অপতথ্য, ফ্যাক্টচেকিং, ডিজিটাল মিডিয়া লিটারেসি, ডিজিটাল এটিকেট, জেন্ডার সচেতনতা এবং কমিউনিটি অ্যাকশন প্ল্যান বিষয়ে ধারণা দেওয়া হয়। কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি দিলরুবা আক্তার এবং প্রভাষক ও সহকারী প্রক্টর তাসলিমা আক্তার ইরিন। কর্মশালায় সেফগার্ডিং পলিসি বিষয়ক সেশন পরিচালনা করেন সেন্টার ফর কোয়ালিটেটিভ অ্যান্ড ক্রিটিক্যাল স্টাডিজ (সিকিউএস)- এর প্রজেক্ট কোঅর্ডিনেটর ও ইউল্যাবএর অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি রিয়াজ খান এবং ইয়ুথ কানেক্ট প্রজেক্টএর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মন্নুজা আমরিন।

এছাড়াও ডিজিটাল সেফটি অ্যান্ড ডিজিটাল রাইটস, লজিক্যাল ফ্যালাসি, কগনিটিভ বায়াস, ফ্যাক্ট, অপিনিয়ন ও অবজারবেশনভিত্তিক ক্রিটিক্যাল থিংকিং বিষয়ে সেশন পরিচালনা করেন ফ্যাক্ট ওয়াচএর ফ্যাক্টচেকার রিদওয়ান ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি ও ফ্যাক্ট ওয়াচএর অ্যাসিস্ট্যান্ট এডিটর শুভাশীস দীপ। কর্মশালা পরিদর্শনকালে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অব এডুকেশন তৌফিক হাসান এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার তামিম মোস্তফা প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাণি সম্পদ সপ্তাহে ঘাসফুলের দ্বিতীয় স্থান অর্জন
পরবর্তী নিবন্ধনির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন