গ্রাম হবে শহর-প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়ন করতে হলে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামকে বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি ভোটারদের কষ্ট করে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান। জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামের সমর্থনে আয়োজিত সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। গতকাল সকালে আন্দরকিল্লা নগর ভবনের কে বি আবদুস সত্তার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম প্রমুখ। সঞ্চালনা করেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
আ জ ম নাছির উদ্দীন বলেন, বেশ কয়েক বছর ধরে কোভিড-১৯ এর ধাক্কা সামলে বিশ্ব যখন মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল, তখন ইউক্রেন ও রাশিয়ার সর্বনাশা যুদ্ধ সারা বিশ্বের অর্থনীতির চাকাকে স্তব্ধ করে দেয়। এমন অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা ও বিচক্ষণ নেতৃত্বের কারণে আমাদের অর্থনীতি এখনো টিকে আছে। জেলা পরিষদ নির্বাচনে পেয়ারুল ইসলামকে জয়যুক্ত করে প্রান্তিক জনপদের উন্নয়ন ও উৎপাদনের চাকা সচল রাখার জন্য তিনি ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান। মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, এটিএম পেয়ারুল ইসলাম তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী। প্রধানমন্ত্রী মনোনীত যোগ্য এই প্রার্থীকে জয়যুক্ত করে আগামী দিনে চট্টগ্রাম জেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটিএম পেয়ারুল ইসলাম প্রতিটি উপজেলায় সুষম বণ্টন নিশ্চিত করতে তাকে নির্বাচিত করার অনুরোধ জানান।











