পেরুর বিজ্ঞানীরা ফুলের নাম রাখলেন মেসি

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৭ অক্টোবর, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায় নিলেও তাকে নিয়ে উন্মাদনা কমেনি বিশ্বজুড়ে। ফুটবল কিংবদন্তী লিওনেল মেসি এবার পেয়েছেন অন্যরকম এক সম্মাননা। লাতিন আমেরিকার দেশ পেরুর বিজ্ঞানীরা মেসির নামে নামকরণ করেছেন নতুন এক ফুল। দিনকয়েক আগে ক্রীড়াক্ষেত্রে মেসির অসামান্য অবদানকে স্বীকৃতি দিয়ে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের বুয়েন্স এইরেস বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

সম্মানসূচক সেই ডিগ্রির পর এবার পেরুর বিজ্ঞানীরাও সম্মানিত করলেন মেসিকে। দেশটির দক্ষিণ–মধ্য অঞ্চলে সমতলভূমি থেকে প্রায় ২৪০০ মিটার উঁচুতে জন্ম নেওয়া একটি সুগন্ধি গাছের ফুলের নাম মেসির নামে রেখেছেন বিজ্ঞানীরা। পেরুর আন্দিজ পর্বতমালায় জন্ম নেওয়া এই উদ্ভিদ পুরোপুরি অচেনা ছিল বিজ্ঞানীদের কাছে। এরপর দেশটির বিজ্ঞানীরা সেই উদ্ভিদের নামকরণ করেন মেসির সম্মানে ‘সালভিয়া মেসি।’ এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন। আন্দিজ পর্বতমালার পাথুরে ঢালে জন্ম নেওয়া এই উদ্ভিদের পাপড়িগুলোর রঙ নীল ও সাদা। অনেকটা আর্জেন্টিনার জার্সির রঙ বলা চলে। এটি ল্যামিয়াসি পরিবারের একটি গুল্মজাতীয় সুগন্ধি উদ্ভিদ। এই একই পরিবারে তুলসী, পুদিনা, রোজমেরি এবং সাধারণ সেজের মতো গাছগুলো রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজান বিদ্যোৎসাহী স্পোর্টিং ক্লাবের আত্মপ্রকাশ
পরবর্তী নিবন্ধচিকিৎসার জন্য অস্ট্রেলিয়া গেছেন নাহিদ রানা