পেকুয়া পৌরসভা গঠনে সীমানা নির্ধারণ কার্যক্রম শুরু

পেকুয়া প্রতিনিধি | রবিবার , ১ মার্চ, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

পেকুয়া উপজেলার সদর ইউনিয়নকে ভেঙে পৌরসভায় উন্নীত করার প্রাথমিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে প্রস্তাবিত পৌরসভার সীমানা নির্ধারণ মাঠ পর্যায়ে জরিপ শুরু করার মধ্যে দিয়ে দীর্ঘদিনের জন আকাঙ্ক্ষার পেকুয়া পৌরসভা বাস্তবায়নের দ্বারপ্রান্তে এসে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে।

জনসংখ্যা,অবকাঠামো যাচাই ও সীমানা নির্ধারণ করে প্রয়োজনীয় সব শর্ত পূরণ সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা সরকারে পাঠানো হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কঙবাজার জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পেকুয়া পৌরসভা গঠনের রোডম্যাপ চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করা হয়। এসময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বিক দিকনির্দেশনা দিয়ে তথ্যভিত্তিক জরিপ, সীমানা নির্ধারণে স্বচ্ছতা এবং স্থানীয় জনমত বিবেচনার ওপর গুরুত্বারোপ করেন। এরই ধারাবাহিকতায় গত ২৫ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব আলম মাহাবুব, সহকারী কমিশনার (ভূমি) .এস.এম নুরুল আখতার নিলয় এবং পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. বাহাদুর শাহ যৌথভাবে মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রম শুরু করেন। প্রথম ধাপে সম্ভাব্য পৌর এলাকার ভৌগোলিক সীমানা চিহ্নিতকরণ, জনসংখ্যা ঘনত্ব, সড়ক ও যোগাযোগ অবকাঠামো, বাজারবাণিজ্যিক কেন্দ্র, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অবস্থা এবং রাজস্ব সক্ষমতা যাচাই করা হচ্ছে। প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, প্রস্তাবিত পৌরসভা গঠনের ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত মানদণ্ড যেমন ন্যূনতম জনসংখ্যা, জনঘনত্ব, নগরায়নের হার, রাজস্ব আহরণের সম্ভাবনা ও অবকাঠামোগত সক্ষমতা পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হবে। জরিপ শেষে একটি সমন্বিত প্রতিবেদন প্রস্তুত করে তা জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল আলম মাহাবুব জানান, আমরা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও সীমানা নির্ধারণের কাজ শুরু করেছি। সব দিক বিবেচনায় একটি বাস্তবসম্মত ও টেকসই পৌরসভার প্রস্তাবনা প্রস্তুত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলামে মোরশেদ কাদেরীর পরিবারের পক্ষে যাকাত প্রদান
পরবর্তী নিবন্ধস্বাধীনতার কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা চট্টগ্রাম শিল্পকলায়