কক্সবাজারের পেকুয়া উপজেলায় লাকড়ির স্তূপ থেকে একনলা বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের লালজান পাড়া এলাকার নাছির উদ্দিনের বসতঘরের পেছনে লাকড়ির স্তূপে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি একনলা বন্দুক, শর্টগানের দুই রাউন্ড কার্তুজ এবং দুটি কিরিচ। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় যৌথ বাহিনী।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি খাইরুল আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রাজাখালী ইউনিয়নের লালজান পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি জানান, এসব অবৈধ অস্ত্র ব্যবহারকারীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।












