কক্সবাজারের পেকুয়ায় পুলিশের বিশেষ অভিযানে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪২টি ইয়াবা, নগদ ১ লাখ ২০ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পেকুয়া সদরের মো. রমজান (৩১), বারবাকিয়া ইউনিয়নের সালাহ উদ্দিন (৩৮) ও তার স্ত্রী জুবাইদা বেগম (৩৬)।
পেকুয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পেকুয়া বাজার এলাকা থেকে ইয়াবাসহ রমজানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম জালিয়া কাটা এলাকায় অভিযান চালিয়ে দম্পতি সালাহ উদ্দিন ও জুবাইদাকে গ্রেপ্তার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।











