কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেকগুলদি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে জসিম উদ্দিন লালুর বসত বাড়িতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আসায় ঘনবসতিপূর্ণ এলাকাটি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। তবে এরই মধ্যে অগ্নিকাণ্ডে সাতটি বসত ঘর পুড়ে যায়। স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ৭ টি বসত ঘরের নগদ টাকাসহ সহায় সম্বল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা দিন মজুর ও কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি।












