পুনর্বহাল নিশ্চিত না হওয়ায় ট্রেন চালকদের অসন্তোষ

পেনশনে মাইলেজ সুবিধা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ এপ্রিল, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

রেলের রানিং স্টাফদের (ট্রেন চালক, গার্ড, টিটিই) পেনশনে মাইলেজ সুবিধা পুনর্বহালের বিষয়টি এখনো নিশ্চিত না হওয়ায় ট্রেন চালকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ঈদের আগেই পেনশনের সঙ্গে আগের মত মাইলেজ যুক্ত না হলে ১৩ এপ্রিলের মতো ট্রেন চালকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করছেন রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী সমিতির কেন্দ্রীয় নেতারা। একই দাবিতে গত ১৩ এপ্রিল কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ট্রেন চালকরা সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো ট্রেন যাত্রী। সকাল ৭টা থেকে আড়াইটা পর্যন্ত কোনো ট্রেন চট্টগ্রামসহ দেশের কোনো স্টেশন ছেড়ে যায়নি। বিষয়টি নিয়ে রেল মন্ত্রণালয়-প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল এবং মাইলেজ সুবিধা পুনর্বহালে রেলমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে ৮ ঘণ্টা পর দুপুর ২টা ৫৫ মিনিটে চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল শুরু হয়।
এই ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী সমিতির কেন্দ্রীয় সভাপতি মুজিবুর রহমান আজাদীকে জানান, গত ১৩ এপ্রিল যখন সারাদেশে চালকরা ট্রেন চলাচল বন্ধ করে দেয় তখন রেলমন্ত্রী জানিয়েছিলেন ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলাপ করে আমাদের দাবির বিষয়ে আশার খবর জানাবেন। এরমধ্যে আমি মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখাও করেছি। কিন্তু গতকাল পর্যন্ত আমাদের দাবির বিষয়ে কোনো আশ্বাস আমরা মন্ত্রণালয় থেকে পাইনি। এখন ঈদ মৌসুম। সারাদেশ থেকে ট্রেন চালক, গার্ড এবং টিটিইরা আমাদেরকে ফোন করে জানতে চাচ্ছেন- পেনশনে মাইলেজ যুক্ত হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে কিনা। কিন্তু আমরা কোনো সদুত্তর দিতে পারছি না। এখন চিন্তা করছি-ঈদের আগে ট্রেন চালকদের মধ্যে যদি এ নিয়ে ১৩ এপ্রিলের মতো অসন্তোষ ছড়িয়ে পড়ে তাহলে তো বড় ধরনের সমস্যা হবে। এখন জরুরি ভিত্তিতে রানিং স্টাফদের পেনশনে আগের মত মাইলেজ সুবিধা পুনর্বহালের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করার দাবি জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধজরিমানার টাকা ফেরত চেয়ে কাস্টমস কমিশনারকে চিঠি
পরবর্তী নিবন্ধবন্দরের বহির্নোঙরে ডুবল বালিবোঝাই বাল্কহেড