পুকুর খননের নামে মাটি বিক্রি

লোহাগাড়ায় ডাম্পট্রাক ও এক্সকেভেটর জব্দ

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৬:৩০ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পুকুর খননের অনুমতি নিয়ে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ পাল পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। তিনি জানান, পুকুর খননের নামে মাটি বিক্রির সুনির্দিষ্ট অভিযোগে এ অভিযান চালানো হয়। ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়ায় একটি ডাম্পট্রাক ও একটি এক্সকেভেটর জব্দ করা হয়েছে। ইউএনও আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযানে উপজেলা পরিষদের সিএ ইলিয়াছ রুবেল ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ জনের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধপিইউডিএস স্বাধীনতা দিবস আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা সমাপ্ত