হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজ্জাদ হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার ইছাপুর সত্তারঘাট এলাকার হাটহাজারী–রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তানভির নামে অপর একজন গুরুতর আহত হয়েছে।
নিহত সাজ্জাদ উপজেলার মেখল ইউনিয়নের পূর্ব মেখল গ্রামের শামসুল আলমের ছেলে। সে পৌর এলাকার একটি মোবাইল ফোন দোকানের কর্মচারী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাজ্জাদ ও তানভির মোটরসাইকেলে করে যাওয়ার সময় সত্তারঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তারা দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত তানভিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাউজান হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।











