পিছিয়ে পড়েও মোহামেডানকে হারালো চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১১:৪২ পূর্বাহ্ণ

আশি নব্বই দশকের সেই সাড়া জাগানো আবাহনী মোহামেডানের দ্বৈরথ এখন আর নেই। পুরো দেশে ছড়িয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী দু’দলের সমর্থকদের মধ্যেও এখন আর সেই আমেজ যেন কাজ করে না। তবুও দুই ঐতিহ্যবাহী দলই টিকে আছে এবং নিয়মিত তারা মাঠেও নামছে। গতকাল শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগেও এই দুই দলের লড়াই হয়ে গেল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ লড়াইয়ে আবাহনী ২১ গোলে মোহামেডানকে হারিয়েছে। এ নিয়ে লিগে তিন বছর পর সাদাকালো জার্সিধারীদের বিপক্ষে জিতল আকাশিনীল জার্সিধারীরা। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মোহামেডান। তৃতীয় মিনিটে কর্নার থেকে উজবেক মিডফিল্ডার মুজাফফর মুজাফফরভ দারুণ এক ইনসুইং শটে সরাসরি টপ কর্নারে বল জড়িয়ে দলকে লিড এনে দেন। গোল হজমের পর দ্রুত সমতায় ফেরার সুযোগ পায় আবাহনী। সপ্তম মিনিটে দিয়াবাতের ক্রস থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন মিরাজুল, তবে তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক হোসেন সুজন। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আবাহনীকে। ১৬তম মিনিটে এমেকা ইউজিগোর শট হালকা ছোঁয়ায় এগিয়ে দেন হাসান মুরাদ, সেখান থেকে বল পেয়ে দারুণ গতিতে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে সমতা ফেরান মিরাজুল। চলতি লিগে এটি তার দ্বিতীয় গোল।

বিরতির আগে আর কোনো গোল না হওয়ায় ১১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। এই সময় হলুদ কার্ড দেখেন মোহামেডানের সেন্টারব্যাক শাকিল আহাদ তপু। দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘটে অনাকাঙ্‌ক্িষত ঘটনা। ৪৬তম মিনিটে বল ধরতে গিয়ে হাসান মুরাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন গোলরক্ষক মিতুল মারমা। এতে চোয়ালে চোট পান মুরাদ। প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে, পরে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নেওয়া হয়। তার বদলি হিসেবে নামেন সবুজ হোসাইন। এরপর কয়েকটি সুযোগ তৈরি করেও গোল পায়নি মোহামেডান। ৫৬তম মিনিটে মোরছালিনের ফ্রিকিক থেকে ইয়াসিনের হেড দুর্দান্তভাবে ঠেকান আবাহনীর বদলি গোলরক্ষক সাকিব আল হাসান। কিছুক্ষণ পর কর্নার থেকেও সুযোগ নষ্ট করে সাদাকালোরা, সবুজের শট বারে লেগে ফিরে আসে।

এই সুযোগ হাতছাড়া করার খেসারত দেয় মোহামেডান। ৬৫তম মিনিটে এমেকার ক্রস থেকে দিয়াবাতে গোল করে আবাহনীকে এগিয়ে দেন। এটি আবাহনীর জার্সিতে তার নবম গোল। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখে জয় নিশ্চিত করে আবাহনী। ডার্বিতে এই জয়ে যেমন প্রথম লেগের হারের প্রতিশোধ নেওয়া হলো, তেমনি শিরোপার লড়াইয়েও নিজেদের অবস্থান আরও মজবুত করল ধানমন্ডির ক্লাবটি। ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। ১১ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে নেমে গেছে মোহামেডান। এক ম্যাচ কম খেলা বসুন্ধরা কিংস ২৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

পূর্ববর্তী নিবন্ধফাইনালে আজ মুখোমুখি মোহরা এশিয়ান ও ক্রিসেন্ট ক্লাব
পরবর্তী নিবন্ধচাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ