আগামী ৪ এপ্রিল প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে নারী বিপিএল। সেই সময়টাতেই শুরু হওয়ার কথা ছিল নারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। কিন্তু ক্লাবগুলো তারকা ক্রিকেটারদের ছাড়া খেলতে রাজি না হওয়াতে লিগের দিন তারিখ কিছুটা পেছাচ্ছে। তবে তার আগে অনূর্ধ্ব–১৮ জাতীয় লিগ শুরুর পরিকল্পনায় বিসিবি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে অংশ নেওয়া ৯টি ক্লাবকে নিয়ে বৈঠকে বসেছিল বিসিবি। লিগ আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হলেও তাৎক্ষণিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কেউই। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, প্রিমিয়ার লিগ সুবিধাজনক সময়ে করার পরিকল্পনা তাদের। আপাতত নারী উইংয়ের পরিকল্পনা অনূর্ধ্ব–১৮ লিগ। দেশের ৮টি বিভাগ খেলবে এখানে। যদিও এই টুর্নামেন্টটি নারী বিপিএলের আগে নাকি পরে অনুষ্ঠিত হবে এই ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।












