চন্দনাইশে যাত্রীবাহী বাস ও আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত চারজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের দক্ষিণ হাশিমপুর খাঁন বটতল এলাকায় এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মহাসড়ক পিচ্ছিল হয়ে পড়েছিল। বিকেল নাগাদ কক্সবাজারমুখী ঈগল পরিবহনের একটি বাস অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালক ও তিন যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে বাসের চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম–পরিচয় জানা যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।














