পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, টেক্সিচালক নিহত

লোহাগাড়ায় ঘটনা, নারী-শিশুসহ আহত ৮

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:২৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পিকআপের সাথে সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কনক বড়ুয়া (৩৫) নামে এক টেক্সি চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মছদিয়া বড়ুয়া পাড়ার রমেশ বড়ুয়ার পুত্র। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর ইউনিয়নের আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ ৮ জন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়া পাড়ার মৃত আবদুস ছবুর ড্রাইভারের পুত্র নাজমুল হুদা (৫৬), তার স্ত্রী হোসনে আরা বেগম (৫০), মেয়ে আমিরা (আড়াই বছর), কামরুল হুদার স্ত্রী লিলি আক্তার (৪৯), মেয়ে ফাতেমা জান্নাত রুমাইছা (), রোজা জাহান (১০ মাস), কুমিল্লা জেলার মুরাদনগর রামপুর এলাকার মো. হানিফের পুত্র পিকআপ চালক মো. ইয়াছিন (৩০) ও হেলপার মো. হাছান (১৭)

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী মালবাহী পিকআপের সাথে বিপরীতমুখী সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে থেকে আহত পিকআপ চালক ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়েছে।

টেক্সির মালিক ধনয় বড়ুয়া জানান, প্রাথমিক চিকিৎসা শেষে আহত চালক কনক বড়ুয়াকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম নগরীতে নেয়া হচ্ছিল। পথিমধ্যে চন্দনাইশ এলাকায় পৌঁছলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধগঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই : জামায়াত আমির
পরবর্তী নিবন্ধএনসিপির এক বছর