পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক আসরটা দীর্ঘ হলো না পারভেজ হোসেন ইমনের। চোটের থাবায় ছিটকে গেছেন লাহোর কালান্দার্সের বাঁহাতি ব্যাটসম্যান। আসরের বাকি অংশে পারভেজকে না পাওয়ার কথা শনিবার নিশ্চিত করেছে লাহোর। রাতেই দেশের উদ্দেশে পাকিস্তান ছাড়বেন ২৩ বছর বয়সী ক্রিকেটার। গাদ্দাফি স্টেডিয়ামে গত ৩ এপ্রিল মুলতান সুলতান্সের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান পারভেজ। সতীর্থ আসিফ আলির সঙ্গে ধাক্কা লাগে তার। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে যান তিনি।











