পিএসএলে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৫ পূর্বাহ্ণ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে দল পেয়েছেন বাংলাদেশের আরো দুই ক্রিকেটার। নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি, ইমনকে কিনেছে লাহোর কালান্দার্স। দুজনেরই ভিত্তিমূল্য ছিল ৬০ লাখ রুপি। নিলামে শুধুই একটি করে ফ্র্যাঞ্চাইজি তাদের প্রতি আগ্রহ দেখানোয় ভিত্তিমূল্যেই বিক্রি হয়েছেন এই দুই ক্রিকেটার। ইমন এবারই প্রথমবারের মতো খেলবেন পাকিস্তানের এই লিগে। এমনকি দেশের বাইরেও এবারই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন এই ওপেনার। অন্যদিকে নাহিদ গত আসরেও পিএসএলে খেলেছেন। সেবারও পেশোয়ারের হয়ে খেলেছিলেন তিনি। এই দুজন ছাড়াও এবারের পিএসএলে দল পেয়েছেন আরো দুই বাংলাদেশি। ৩ কোটি রুপিতে রিশাদ হোসেনকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। আর মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে প্রায় সাড়ে ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লাহোর। গত বুধবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় পিএসএলের নিলাম শুরু হয়। যেখানে দল পাওয়ার প্রত্যাশায় দেশিবিদেশি ৯০৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন দিয়েছেন। এর মধ্যে বাংলাদেশি আছেন ৫৩ জন।

পূর্ববর্তী নিবন্ধআম্পায়ারের নির্দেশ অমান্যে নবির শাস্তি
পরবর্তী নিবন্ধভোট উৎসবে ক্রীড়াঙ্গনের তারকারা