প্রথমবারের মতো নিলামের মাধ্যমে স্কোয়াড গঠন করেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজিগুলো। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত পাকিস্তানের এই লিগে বাংলাদেশের তিন (রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন) ক্রিকেটার দল পেয়েছেন। তবে নিলামের আগেই সরাসরি ভিত্তিতে লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তি সেরেছিলেন মোস্তাফিজুর রহমান। এবার তাদের ম্যাচ কবে–কখন সেটিও প্রকাশিত হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পিএসএলের একাদশ আসর অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার ঘোষণা করা হয়েছে পূর্ণাঙ্গ সূচি। মোস্তাফিজের সঙ্গে লাহোরের জার্সিই গায়ে জড়াবেন বাঁ–হাতি ওপেনার পারভেজ হোসেন ইমনও। রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডিতে এবং নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি। ২৬ মার্চ পিএসএলের উদ্বোধনী ম্যাচে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও হায়রাবাদ হিউস্টন। অর্থাৎ, আসরের প্রথম দিনেই মাঠে নামার সুযোগ রয়েছে দুই বাংলাদেশি তারকা মোস্তাফিজ–ইমনের।










