পাহাড় আরোহণে পর্যটকদের সতর্ক থাকার আহ্বান

কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১১ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা গতকাল সোমবার উপজেলা মিলনায়তন কিন্নরীতে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা প্রমুখ। বক্তারা বলেন, পাহাড়, হ্রদ, নদী পরিবেষ্টিত কাপ্তাই একটি অনিন্দ্য সুন্দর উপজেলা। বিপুল সংখ্যক পর্যটক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত কাপ্তাই আসেন। কিন্তু সৌন্দর্যের মধ্যেও কিছু সঙ্কট এবং ঝুঁকিও রয়েছে। এছাড়াও দুর্গম পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে পথ হারিয়ে অনেকে বিপদে পড়েন। গত এক সপ্তাহ আগে চট্টগ্রাম থেকে আগত ৪ জন পর্যটক সীতা পাহাড়ে উঠে নামার পথ হারিয়ে ফেলেন। দীর্ঘ ৪ ঘন্টা পাহাড়ে যত্রতত্র ঘোরাঘুরি করেও ফেরার পথ না পেয়ে অবশেষে ৯৯৯ নাম্বারে ফোন করলে কাপ্তাই ফায়ার সার্ভিস পথহারা পর্যটকদের উদ্ধার করেন। এই পরিস্থিতিতে পর্যটকরা বন্য হাতির আক্রমণের শিকার হতে পারতেন। আইনশৃঙ্খলা কমিটির সভায় পাহাড় আরোহণে কাপ্তাইয়ে আসা পর্যটকদের সতর্ক করতে বিভিন্ন স্থানে সাইনবোর্ড টাঙানোর সিদ্ধান্ত হয়। বন্য হাতির চলাচলের পথ নির্দিষ্ট করে সতর্কতা মূলক আরো বেশি সংখ্যক সাইনবোর্ড টাঙানোর জন্য আইনশৃঙ্খলা কমিটির পক্ষ থেকে বন বিভাগকে পরামর্শ দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধ১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ