পাহাড়ি-বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উৎসবমুখর পরিবেশে ভোট

বান্দরবানে আটক ১

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২৮ পূর্বাহ্ণ

বান্দরবানে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। লামায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নজরুল ইসলাম নামে কৃষকদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সকালে সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ১৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী সকালে সাড়ে সাতটায় ভোট দেন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এদিকে ভোট শুরু হওয়ার পরবর্তী ১ ঘণ্টায় ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ঘণ্টায় ভোট পড়েছে ১৩২টি। আর প্রার্থীর এলাকাস্থ বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট পড়েছিল ২১৩টি। তবে বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে ভোট কেন্দ্রগুলোতে। বান্দরবান সরকারি কলেজ কেন্দ্রে দুপুরে সাড়ে বারোটায় ভোট পড়েছে ২৩০০টি। যা মোট ভোটের ৫০% এর বেশি।

অপরদিকে শহরের বাইরে রেইছা থলিপাড়া প্রাথমিক বিদ্যালয়, সূয়ালক বাজার প্রাথমিক বিদ্যালয়, সূয়ালক পাড়া প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পাহাড়ি বাঙালি নারীপুরুষেরা স্বতঃস্ফূর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটার এবং তরুন প্রজন্মের নতুন ভোটারের সংখ্যাও ছিল বেশি।

সূয়ালক ইউনিয়নের স্থানীয় ভোটার শর্মিলা চক্রবর্তী ও কল্পনা তঞ্চঙ্গ্যা বলেন, শীতের মিষ্টি রোদ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পেরেছি। নিজের ভোটটা নিজের পছন্দের প্রার্থীকে দিতে পেরেছি খুবই ভালো লেগেছে। ভোট কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকায় মুগ্ধ হয়েছি।

পৌরসভা এলাকার তরুণ প্রজন্মের নতুন ভোটার সাথোয়াই ও ইসফাক বলেন, জীবনে প্রথমবার ভোট দিলাম। প্রার্থীকে ভোট দেবার পর হ্যানা ভোটের ব্যালট পেপারেও সিল মেরে ভোট দিয়েছি।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি বলেন, জেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। ভোট গ্রহণ শেষে ভোট গণনার কাজটিও চলছে শান্তিপূর্ণ পরিবেশেই।

এদিকে ভোটারদের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে নির্বাচনী এলাকায় সেনাবাহিনীর ৪৫০ জন, বিজিবি ১০০ জন, র‌্যাব ৫০ জন এবং পুলিশ সদস্যসহ সাড়ে সাতশ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। বান্দরবান আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন। এবার নতুন ভোটার যুক্ত হয়েছেন ৭ হাজার ৪৬৯ জন। জেলার সাতটি উপজেলা, দুটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটকেন্দ্র ১৮৬টি।

নির্বাচনে বান্দরবান৩০০ সংসদীয় আসনে লড়ছেন চারজন প্রার্থী। তারা হলেন বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে রাজপুত্র সাচিং প্রু জেরী, এনসিপি থেকে শাপলা কলি প্রতীকে আবু সাঈদ মো. সুজাউদ্দিন, জাতীয় পার্টি (কাদের) থেকে লাঙ্গল প্রতীকে আবু জাফর মো. ওয়ালীউল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মো. আবুল কালাম আজাদ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ভোট সম্পন্ন, কেন্দ্রে বিশৃঙ্খলার অপরাধে আটক ৬
পরবর্তী নিবন্ধনিঃসঙ্গ এবং নির্জনতার শিল্পী জীবনানন্দ দাশ