পাহাড়তলীর আকাশ দাশ হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ মার্চ, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীর বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরির হেলপার আকাশ দাশ খুনের ঘটনায় জড়িত আরো একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. মহসিন। তিনি পাহাড়তলীর বাইন্নাপাড়া এলাকার মৃতকবির মিয়ার ছেলে। গত শনিবার হালিশহর থানাধীন বড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শুক্রবার গাইবান্ধা জেলা সদরের পলাশবাড়ী পৌরসভা এলাকা থেকে নাজমুল হুদা নামের অপর একজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আকাশ দাশ খুনের মামলার এজহারনামীয় আসামিদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরির মাইকেল নামের একজন কর্মচারীকে পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী ফ্যাক্টরির গেট থেকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে গেলে আকাশ দাশ তাকে উদ্ধার করেন। এতে ক্ষুব্ধ হয়ে নাজমুল হুদা, মো. মহসিনসহ ১২ থেকে ১৫ জনের একটি ‘কিশোর গ্যাং’ দল পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে ধারালো অস্ত্র দিয়ে আকাশ দাশকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকাশ দাশ নগরীর দক্ষিণ কাট্টলী ধোপাপাড়া বাবুল দাশের ছেলে। ঘটনা পরবর্তী বাবুল দাশ বাদী হয়ে ছেলে খুনের ঘটনায় নগরীর পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্‌ফর হোসেন আজাদীকে বলেন, নাজমুল হুদার মতো মো. মহসিনকেও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআবুল খায়ের স্টিল মিলে হামলা-লুটের ঘটনায় আটক ৭
পরবর্তী নিবন্ধবান্দরবানে ৫টি ইটভাটার ৮ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা