কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উপকরণ হলো কাপ্তাই হ্রদের পানি। বর্তমানে চলমান খরা মৌসুমে কাপ্তাই হ্রদের পানির লেভেল দিন দিন কমছে। লেকের পানি কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনও হ্রাস পেয়েছে বলে জানা গেছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান মুঠোফোনে আজাদীকে কাপ্তাই লেকের পানি হ্রাসের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গতকাল সোমবার এ প্রতিনিধিকে বলেন, রুল কার্ভ (পানির নির্ধারিত লেভেল) অনুযায়ী কাপ্তাই লেকে বর্তমানে যে পরিমাণ পানি থাকার কথা, তার চেয়ে প্রায় দেড় ফুট কম রয়েছে। তবে পানির লেভেল অনবরত কমে যাচ্ছে। বর্তমানে কাপ্তাই লেকে ৯৩.০৪ ফুট মিন সি লেভেল (এমএসএল) পানি রয়েছে বলেও তিনি জানান।
বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীল একটি সূত্র জানায়, বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাইয়ে মোট পাঁচটি ইউনিট রয়েছে। বর্তমানে সবগুলো ইউনিটই বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। তবে কাপ্তাই লেকে পানির লেভেল কম থাকায় কর্তৃপক্ষ আপাতত একটি ইউনিট সচল রেখে সীমিত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করছে। এই একটি ইউনিট থেকে প্রায় ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি ফেব্রুয়ারি মাসে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি না হলে পানির লেভেল আরও কমে যাবে। তাই কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে একটি মাত্র ইউনিট উৎপাদনে সচল রাখা হয়েছে।











