পাচার করা কন্টেনারটি ভর্তি গার্মেন্টস কাপড়ে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৫:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর থেকে পাচার করা কন্টেনারটি পূর্ণ কাপড়ে। গার্মেন্টস কাপড় বোঝাই কন্টেনারটির সব পণ্য গতকাল রাত অব্দি গণনা এবং হিসেব নিকেশ করা হয়েছে। গতকাল এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১১টা) ঘটনার ব্যাপারে কোনো মামলা হয়নি।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, কন্টেনারটি কাপড়ভর্তি। সবই গার্মেন্টসের কাঁচামাল। কাপড়বোঝাই কন্টেনারটি পাচার করা হয়েছিল। ইতোমধ্যে কাপড়ের গণনা শেষ হয়েছে। রাতে মামলা রেকর্ড হতে পারে বলে বন্দর থানা পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) ব্যাকআপ ইয়ার্ড থেকে ভুয়া অনচেসিস অনুমতিপত্র, চালান ও গেটপাস ব্যবহার করে পণ্য বোঝাই একটি কন্টেনার ট্রেইলরে করে বের করে নেয়া হয়। পরবর্তীতে মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ হালিশহরের বারুণীঘাট এলাকাস্থ শাহজালাল ট্রাক টার্মিনালের পাশের একটি গ্যারেজে অভিযান চালিয়ে ট্রেইলরসহ কন্টেনারটি উদ্ধার করা হয়। অভিযানের সময় কন্টেনারটি পাচারের সাথে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। এই ঘটনার সাথে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় এই রিপোর্ট লেখা পর্যন্ত কর্তৃপক্ষ প্রকাশ করেনি।

পূর্ববর্তী নিবন্ধএলসিএল কার্গো দ্রুত ডেলিভারি নিতে দুই ব্যবসায়ী সংগঠনকে বন্দর কর্তৃপক্ষের চিঠি
পরবর্তী নিবন্ধ১০ মাস পর পলাতক ছেলে স্ত্রীসহ গ্রেপ্তার