পাকিস্তান হাইকমিশনারের সাথে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

| বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে এ সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা, বাণিজ্য এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং হালাল শিল্প ও ব্যবসাবাণিজ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয় গুরুত্ব পায়। খবর বাসসের।

আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন দীর্ঘদিনের। এ বন্ধনকে শিক্ষা, বাণিজ্য ও মানবসম্পদ উন্নয়নে কার্যকর সহযোগিতার কাঠামোয় রূপ দেওয়ার সময় এসেছে।

বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে এ সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করেন এবং নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে বৈঠকে যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন। পাকিস্তান হাইকমিশনের পক্ষে ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ৩.২ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে জাপান
পরবর্তী নিবন্ধপাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার : শিক্ষামন্ত্রী