পাকিস্তানে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত হামলায় ৮ পুলিশ নিহত

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বেশ কয়েকটি শহরে সন্দেহভাজন বিচ্ছিন্নবাদীদের সমন্বিত হামলায় অন্তত আট পুলিশ সদস্য নিহত হয়েছেন, জানিয়েছেন কর্মকর্তারা। আল জাজিরা জানায়, শনিবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে প্রাদেশিক রাজধানী কোয়েটার বেশ কয়েকটি পুলিশ স্টেশনে স্থানীয় জাতিগত বেলুচ বন্দুকধারীরা একযোগে হামলা চালায়। খবর বিডিনিউজের।

আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী খনি সমৃদ্ধ প্রদেশ বেলুচিস্তানে কয়েক দশক ধরে চলা একটি বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দমনে লড়াই করে আসছে পাকিস্তান। প্রদেশটিতে বিদ্রোহীরা রাষ্ট্রীয় বাহিনী, বিদেশি নাগরিক ও স্থানীয় নন এমন লোকজনের ওপর আক্রমণ চালিয়ে আসছে। কোয়েটা থেকে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে বলেছেন, এই সমন্বিত বন্দুক ও আত্মঘাতী হামলা বেলুচিস্তানজুড়েই চালানো হয়েছে, বিশেষ করে কোয়েটা, পাসনি, মাসতুং, নুশকি ও গোয়াদর জেলায়। এসব হামলায় কতোজনের মৃত্যু হয়েছে তা উল্লেখ না করে তিনি বলেন, দুর্বল পরিকল্পনার জন্য এবং নিরাপত্তা বাহিনীর কার্যকর প্রতিক্রিয়ায় কারণে হামলাগুলো ব্যর্থ হয়। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যকে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর হয়েছে। বেলুচিস্তানে ইন্টারনেট ও ট্রেন পরিষেবা বন্ধ রেখে নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, বেলুচিস্তানের ১২টি এলাকায় সমন্বিত আক্রমণ হওয়ার পর সংঘর্ষ অব্যাহত আছে আর নিরাপত্তা বাহিনী অন্তত ৫৮ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।

পূর্ববর্তী নিবন্ধসামরিক পদক্ষেপের মুখোমুখি নয়, চুক্তি করতে চায় ইরান
পরবর্তী নিবন্ধআইসিই’র বিরুদ্ধে উত্তাল যুক্তরাষ্ট্র