পাকিস্তানি ক্রিকেটারদের জরিমানার খবরটি গুজব

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

২০২৬ টিটোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান দলের খেলোয়াড়দের মাথাপিছু ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করার যে খবর চাউর হয়েছিল, তাকে ‘ভিত্তিহীন’ ও ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির একজন মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন, খেলোয়াড়দের ওপর এমন কোনো আর্থিক দণ্ড আরোপ করার সিদ্ধান্ত বোর্ড নেয়নি। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস ট্রিবিউন’এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর ক্ষুব্ধ হয়ে প্রতিটি খেলোয়াড়কে ৫০ লাখ রুপি জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সালমান আলি আগার নেতৃত্বে সুপার এইট থেকেই বিদায় নেওয়ায় সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল, যা এই গুজবকে আরও উসকে দেয়। পিসিবি মুখপাত্র আমির মীর হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই খবরটি স্পষ্টভাবে নাকচ করে দেন। তিনি বলেন, ‘পিসিবি এমন কোনো সিদ্ধান্ত কখনই নেয়নি। এগুলো স্রেফ সোশ্যাল মিডিয়ার গুজব। ক্রিকেটে এমন কোনো নজির বা নিয়ম নেই যে পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের এভাবে জরিমানা করা হবে।’ জরিমানার এই গুজব ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার আহমেদ শেহজাদ একটি টিভি টকশোতে ক্ষোভ প্রকাশ করেন। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছিলেন, ‘যদি জরিমানা করলে দেশের ক্রিকেটের উন্নতি হয়, তবে আমি কসম খেয়ে বলছি, সব খেলোয়াড়ের হয়ে সেই ৫০ লাখ রুপি আমিই দিয়ে দেব। যাকে খুশি জরিমানা করুন, টাকা আমি দেব।’ শেহজাদের এই মন্তব্য নেট দুনিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। টানা দ্বিতীয়বারের মতো টিটোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় পাকিস্তান ক্রিকেটে সংস্কারের জোরালো দাবি উঠছে। তবে সংস্কারের পথে হাঁটলেও খেলোয়াড়দের পকেট থেকে টাকা কেটে নেওয়ার কোনো পরিকল্পনা যে বোর্ডের নেই, পিসিবি মুখপাত্রের মন্তব্যে তা পরিষ্কার হয়ে গেল।

পূর্ববর্তী নিবন্ধইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা
পরবর্তী নিবন্ধজাতীয় দলের বাইরে থাকা নারী ক্রিকেটারদের নিয়ে নতুন টুর্নামেন্ট