পাকিস্তানকে ৫০০ কোটি ডলার আর্থিক সহায়তা দেবে সৌদি আরব, কাতার

| সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

পাকিস্তানকে ৫০০ কোটি ডলার আর্থিক সহায়তা দেবে সৌদি আরব ও কাতার। এতে দুর্বল বৈদেশিক মুদ্রার রিজার্ভের কারণে যে চাপ পড়েছে তা এড়াতে পারবে ইসলামাবাদ। খবর বিডিনিউজের।

পাশাপাশি এতে তারা জুনের মধ্যে বৈদেশিক দায়দেনাও শোধ করতে পারবেন বলে শনিবার তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছেন পাকিস্তানের নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তারা। চলতি মাসের মধ্যে সংযুক্ত আরব আমিরাতকে দেশটির পাওনা ৩৫০ কোটি ডলার ঋণ পরিশোধ করার কথা ইসলামাবাদের। আগে থেকেই চাপে থাকা পাকিস্তানের অর্থনীতি ইরান যুদ্ধের কারণে আরও খারাপ পরিস্থিতিতে পড়েছে।

মূল্যস্ফীতি ও আমদানি ঋণের চাপ আরও তীব্র হয়ে উঠছে। এ পরিস্থিতিতে দেশটিকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে রিয়াদ। শুক্রবার রাতে ইসলামাবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল্লাহ আলজাদান।

বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ ঊধ্র্‌বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের চলমান বিরোধের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক উন্নয়নের বিষয়গুলোতে জোর দেওয়া নিয়ে আলোচনা হয়। বৈঠকে পাকিস্তান বিদ্যমান নগদ আমানতের সমপ্রসারণ ও তেল অর্থায়ন সুবিধার সমপ্রসারণসহ বাড়তি আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছে।

পাকিস্তানের তেল অর্থায়ন সুবিধা চলতি মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে। ইসলামাবাদের বৈঠকে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি ঘোষিত হয়নি। কিন্তু কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের অর্থ মন্ত্রণালয়ের মধ্যে আগেই আর্থিক সহায়তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। বর্তমানের পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ প্রায় এক হাজার ৬৪০ কোটি ডলার।

পূর্ববর্তী নিবন্ধসামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা দিচ্ছে সবাই, এস্তোনিয়া হাঁটছে ভিন্ন পথে
পরবর্তী নিবন্ধপৃথিবী যেন মহাকাশে এক জীবনতরী ঐক্যের ডাক আর্টেমিস নভোচারীদের