পাওনা টাকা না দেওয়ায় এক ব্যক্তিকে আটকে রাখার পর যা ঘটল

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

পাওনা টাকা না দেওয়ায় এক ব্যক্তিকে নগরের টাইগারপাস রেলওয়ে কলোনিতে আটকে রাখেন অপু নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী। বিষয়টি ৯৯৯এ কল দিয়ে জানায় ওই ব্যক্তির পরিবার। এরপর কোতোয়ালী থানা পুলিশ এসে অপু এবং আটকে রাখা ব্যক্তিসহ পাঁচজনকে থানায় নিয়ে আসে। পরে অপুকে ছাড়াতে থানায় যান ১৫ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাগর হোসেন রুবেল। তখন রুবেলকে আটক করে লকআপে রাখে পুলিশ। এ খবর জানতে পেরে অপুকে ছাড়াতে নিজের অনুসারীদের নিয়ে থানায় যান নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন ওরফে আবির। এ সময় পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। পরে বিএনপির ওয়ার্ড নেতাদের মধ্যস্থতায় সবাইকে ছেড়ে দেওয়া হয়। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন সাংবাদিকদের বলেন, পাওনা টাকার বিষয়ে ৯৯৯এ খবর পেয়ে দুই পক্ষকে থানায় আনা হয়েছিল। তখন ছাত্রদল নেতা পরিচয় দিয়ে এক যুবক থানায় আসেন এবং বাইরে কিছু লোক জড়ো করেন। ভুল বোঝাবুঝির কারণে কিছুটা শোরগোল হয়। পরে তাকে বুঝিয়ে শান্ত করা হয়। ধস্তাধস্তির কোনো ঘটনা ঘটেনি। পরে নিজেদের মধ্যে আপস করার প্রতিশ্রুতিতে সাগরসহ আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।

১৫ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাগর হোসেন রুবেল আজাদীকে বলেন, আমার এক ছোট ভাই অপু একজনের কাছে টাকা পাবে। সে টাকা না দিয়ে অনেকদিন ধরে ঘুরাচ্ছিল। যার কাছে টাকা পাবে তার সঙ্গে রেলওয়ে কলোনির একটি ক্লাবে অপুর কথা হয়। অপু তার পরিবারকে টাকা পাওয়ার বিষয়টি জানায়। তখন তারা ৯৯৯এ কল দেয়। পুলিশ এসে উল্টো অপুকে থানায় নিয়ে যায়। এটা জানতে পেরে আমি থানায় যাই। সেখানে আমার সাথে খারাপ ব্যবহার করে লকআপে আটকে রাখে।

এ বিষয়ে ছাত্রদল নেতা ইমাম হোসেন আবির আজাদীকে বলেন, পাওনা টাকা আদায়ের জন্য এক যুবককে ক্লাবে নিয়ে আসেন কয়েকজন। তারা সবাই একে অপরের পরিচিত ছিলেন। সে সময় ওই যুবকের মা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার সময় রুবেল ক্লাবে ছিলেন না। খবর পেয়ে তিনি থানায় গেলে তার সঙ্গে খারাপ ব্যবহার ও গায়ে হাত তোলেন এক এএসআই। তর্কাতর্কির একপর্যায়ে তাকে লকআপে রাখা হয়। বিষয়টি জানার পর আমি কর্মীদের নিয়ে থানায় গেলে আমার সঙ্গেও খারাপ ব্যবহার করা হয়। পরে রুবেলকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। পাওনা টাকার বিষয়টি নিজেরা মিটমাট করে।

পূর্ববর্তী নিবন্ধবরকলে তরুণ তরুণীর ঝুলন্ত মরদেহ
পরবর্তী নিবন্ধইরানের সভ্যতা ধ্বংস করার হুমকি ট্রাম্পের