পাইরেটস অব চিটাগাং ও সিএসসিএলের জয়

চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

কন্টিনেন্টাল গ্রুপ আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট লিগের আরো দুটি খেলা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে নিজ নিজ খেলায় জয় পেয়েছে পাইরেটস অব চিটাগাং এবং সিএসসিএল। হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্সের এক নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে পাইরেটস অব চিটাগাং ২৪ রানে ইকবাল স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। একই সময়ে আরেক মাঠে অনুষ্ঠিত ম্যাচে সিএসসিএল ৪৩ রানে রাইজিং স্টার জুনিয়রকে পরাজিত করে। প্রথম মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে পাইরেটস অব চিটাগাং। তারা নির্ধারিত ২০ ওভার খেলে ৮৭ রানে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে নুসরাত ইয়াসমিন ১৪ রান করেন ২৬ বল খেলে। বাকিদের কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। অতিরিক্ত থেকে সর্বোচ্চ ২২ রান আসে। ইকবাল স্পোর্টস ক্লাবের পক্ষে ৯ রান দিয়ে ২টি উইকেট পান সুবার্তি খীসা। জবাবে ইকবাল স্পোর্টস ক্লাব ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার সুবার্তি খীসা সর্বোচ্চ ২১ রান করেন। তিনি ছাড়া বাকিদের কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ১২ রান।

পাইরেটসের পক্ষে৯ রান খরচে ২টি উইকেট নেন অপর্না দে। ম্যাচ সেরা হয়েছেন ইকবাল স্পোর্টস ক্লাবের সুবার্তি খীসা। তার হাতে পুরস্কার তুলে দেন বিসিবির চট্টগ্রাম বিভাগীয় কোচ মোমিনুল হক। অপর ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে সিএসসিএল। তারা নির্ধারিত ২০ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার নুসরাত জাহান ৭২ বলে সর্বোচ্চ ৫২ রান করেন। ৫টি চার হাঁকান তিনি। এছাড়া এশা রহমান ৩৮ বল খেলে ৩৪ রান করেন। অতিরিক্ত থেকে জমা হয় ২৫ রান। জবাবে ব্যাট করতে নেমে রাইজিং স্টার জুনিয়র ১৭ ওভার খেলে ৮০ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে শাইরিন ১৩, নুসরাত ১০ এবং সৃষ্টি করেন ১৬ রান করে। অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ২৯ রান। সিএসসিএল এর পক্ষে ৩টি উইকেট পান চিত্রিতা আর ২টি উইকেট নেন এশা। ম্যাচ সেরা হয়েছেন সিএসসিএল এর এশা রহমান। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেটার আরিফ আহমেদ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী জোনের সেমিফাইনালে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধকোয়ালিটি ও কে এম স্পোর্টিং ক্লাবের টানা দ্বিতীয় জয়