পাইরেটস অব চিটাগং ও সিএসসিএল ফাইনালে

চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৯:০৩ পূর্বাহ্ণ

কন্টিনেন্টাল গ্রুপ আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় মহিলা টিটোয়েন্টি ক্রিকেট লিগের ফাইনালে উঠেছে পাইরেটস অব চিটাগং এবং কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স লিঃ (সিএসসিএল)। গতকাল মঙ্গলবার হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্সের এক নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে পাইরেটস অব চিটাগং এর কাছে হেরেও ফাইনালে জায়গা করে নেয় সিএসসিএল। পাইরেটসের কাছে সিএসসিএল ১৯ রানে পরাজয় বরণ করে। টসে হেরে ব্যাট করতে নামা পাইরেটস অব চিটাগং ২০ ওভারে ৭ উইকেটে ৭৫ রান সংগ্রহ করে। পাইরেটসের পক্ষে নুসরাত ১৫, বিবি আয়েশা ১৪ রান করেন। এছাড়া বাকিরা কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। সিএসসিএল’র পক্ষে ৩টি উইকেট নেন মিশা চাকমা। জবাবে ব্যাট করতে নেমে সিএসসিএল ১৭.৫ ওভারে মাত্র ৫৬ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে এশা রহমান ২৪ এবং শাহনাজ পারভীন ১৫ রান করেন। পাইরেটসের পক্ষে ১৫ রানে ৪ উইকেট নেন অপর্না দে। ৩টি উইকেট পান সামিয়া সুলতানা। ম্যাচ সেরা হয়েছেন পাইরেটসের অপর্না দে। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেটার আজিম উদ্দিন। দুই নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে রাইজিং স্টার জুনিয়র ৬ উইকেটে ইকবাল স্পোর্টস ক্লাব লি: (আইএসসিএল) কে পরাজিত করে। টসে হেরে ব্যাট করতে নামা ইকবাল স্পোর্টস ক্লাব লি: ২০ ওভারে ৯ উইকেটে ৭৫ রান করে। দলের পক্ষে লিকি চাকমা ২৬ এবং সুবার্তি খীসা ১৩ রান করেন। রাইজিং স্টার জুনিয়রের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন নুসরাত জাহান এবং প্রীতি দাশ। জবাব দিতে নেমে রাইজিং স্টার জুনিয়র ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নেয়। দলের পক্ষে নুসরাত জাহান ২২ রান করে অপরাজিত থাকেন। ১৯ রান করেন শিরিন। ইকবাল স্পোর্টস ক্লাবের পক্ষে ২টি উইকেট পান মুমু দাশ। রাইজিং স্টার জুনিয়রের নুসরাত জাহান ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন পাইরেটস অব চিটাগং এর কোচ তপন দত্ত। আগামী ১২ মার্চ বৃহস্পতিবার এ লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসিএসসিএল ও মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় জয়
পরবর্তী নিবন্ধঅধিনায়ক মিরাজ ফিরছেন সাত নম্বরে