পাইপলাইনে জমে থাকা ৫ হাজার টন ক্রুড আনা হচ্ছে ইস্টার্ন রিফাইনারিতে

পরিশোধনের মাধ্যমে উৎপাদন করা হবে ডিজেল, পেট্রোল, জেট ফুয়েলসহ অন্যান্য জ্বালানি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

এসপিএম কমিশনিংয়ের সময়ে পাইপলাইনে জমে থাকা ৫ হাজার টন ক্রুড ইস্টার্ন রিফাইনারিতে আনা হচ্ছে। জ্বালানি সংকটের এই সময়ে দীর্ঘদিন পাইপের ভিতরে পড়ে থাকা ক্রুডগুলো ইস্টার্ন রিফাইনারির উৎপাদন অন্তত দুইদিন বাড়াচ্ছে। যা জ্বালানি সেক্টরে কিছুটা স্বস্তি যোগাবে বলে সূত্র মন্তব্য করেছে। সমুদ্রভিত্তিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রকল্প সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) কমিশনিংয়ের সময় পাইপলাইনে দীর্ঘদিন ধরে জমে থাকা প্রায় ৫ হাজার টন ক্রুড তেল এখন কাজে লাগানো হচ্ছে।

জানা গেছে, পাইপলাইনের ভেতরে পড়ে থাকা এই অপরিশোধিত তেল (ক্রুড) ধীরে ধীরে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে নিয়ে আসা হচ্ছে। পরিশোধনের মাধ্যমে তা ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করা হবে, যা বর্তমান জ্বালানি সংকট মোকাবেলায় কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এসপিএম প্রকল্প কমিশনিংয়ের সময় পাইপলাইনে কিছু পরিমাণ তেল থেকে যাওয়া স্বাভাবিক বিষয়। যা পরবর্তীতে ক্রুড প্রবাহের সময় ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছাতো। কিন্তু পরিচালনা সংক্রান্ত জটিলতায় এসপিএম চালু হয়নি। ফলে গত বেশ কয়েকমাস ধরে ক্রুডগুলো পাইপের ভিতরে পড়ে রয়েছে। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য থেকে ক্রুড আমদানি বন্ধ হয়ে যাওয়ায় ইস্টার্ন রিফাইনারি ক্রুড সংকটে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে পাইপে পড়ে থাকা “অবশিষ্ট” তেল এখন গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হয়েছে। জ্বালানি সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ৫ হাজার টন ক্রুড তেল পরিশোধনের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল, পেট্রোল এবং জেট ফুয়েলসহ অন্যান্য জ্বালানি উৎপাদন সম্ভব হবে। যা বর্তমান সংকটে কাজে লাগবে।

এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দেওয়ায় সরকার বিকল্প উৎস ও মজুদ ব্যবস্থাপনার দিকে জোর দিচ্ছে। এমন পরিস্থিতিতে পাইপলাইনে জমে থাকা তেল উদ্ধার ও ব্যবহারকে তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন পাইপলাইনে পড়ে থাকা এই ক্রুড তেল বর্তমান দুর্দিনে দেশের জ্বালানি খাতে এক ধরনের “লুকানো আশীর্বাদ” হিসেবে বিবেচিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআদালতে যাওয়ার পথে হামলা, যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধ৫১ হাজার টন অকটেন ও ফার্নেস অয়েল আনা হচ্ছে মালয়েশিয়া থেকে