রাজশাহী, বরিশাল, রংপুর, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (সিটি কর্পোরেশন–১ শাখা) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। খবর বাংলানিউজের।
প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন যারা : বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। রাজশাহী সিটিতে দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান। তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলে আসছেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান রোকন পেয়েছেন সেখানকার নগর সংস্থার দায়িত্ব। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী; তিনি রংপুর মহানগরের সদস্য সচিব। কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা হয়েছেন সেখানকার সিটি কর্পোরেশনের প্রশাসক।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগকৃত এই প্রশাসকরা সংশোধিত অধ্যাদেশের ধারা ২৫ক এর উপ–ধারা (৩) অনুযায়ী স্ব–স্ব সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এছাড়া তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লার সদ্য দায়িত্ব পাওয়া প্রশাসকরা। গতকাল দুপুরে সংসদ ভবনে সরকারপ্রধানের কার্যালয়ে এ সাক্ষাৎ হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এসময় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।












