পাঁচ মামলায় হাই কোর্ট থেকে জামিন পাওয়ার পরদিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আবার নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বছরের জুনে বিস্ফোরক আইনে সিদ্ধিরগঞ্জ থানায় করা মামলায় আসামির তালিকায় আইভীর নাম না থাকলেও ‘তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়ায়’ গ্রেপ্তার দেখাতে আবেদন করে পুলিশ। খবর বিডিনিউজের।
এ মামলায় বৃহস্পতিবার বিকালে জেলার একটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হলে বিচারক আবেদন মঞ্জুর করেন বলে জানান তারেক আল মেহেদী। ওই দিন পাঁচটি মামলায় হাই কোর্ট আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। মামলা থেকে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় সিদ্ধিরগঞ্জে একটি বহুতল ভবনে অগ্নিসংযোগ করা হয়। এ ভবনের তৃতীয় তলায় ডাচ বাংলা ব্যাংকের শিমরাইল শাখার অভ্যন্তরীণ সজ্জার কাজ করার সময় সেখানে তিন কর্মী পুড়ে মারা যান। তিন দিন পর তাদের মৃতদেহ ভবনটি থেকে উদ্ধার করা হয়।











