নগরীর বাদশা মিয়া সড়কে ১৮ বছর আগে শিক্ষার্থী ফসিউর রহমান শাওনকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা মামলায় ‘গামছা পার্টির’ ৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া মামলার চার্জশিটভুক্ত অপর ১০ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে। গতকাল রোববার চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আককাস এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা, আল আমিন গাজী ও মো. সোহেল। রায় ঘোষণার সময় বেল্লাল হোসেন, জাকির হোসেন ও শহীদ রাজা কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। বাকি দুজন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নিলুফার ইয়াসমিন লাভলী দৈনিক আজাদীকে বলেন, ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।
আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ২৪ জুলাই নগরীর কোতোয়ালী থানাধীন বাদশা মিয়া সড়ক থেকে শিক্ষার্থী ফসিউর রহমান শাওনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, বাসা থেকে নগরীর জিইসি মোড়ে কোচিংয়ে যাওয়ার পথে তিনি ‘গামছা পার্টি’র শিকার হয়ে মৃত্যুবরণ করেন। তদন্ত শেষে পুলিশ ১৫ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি উক্ত ১৫ জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।














