পরিবেশের ক্ষতি করে কোনো কার্যক্রম গ্রহণযোগ্য নয়

পটিয়ায় এমপি এনাম

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১২ (পটিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, পটিয়ায় শিল্পকারখানা চলবে, কর্মসংস্থান হবে; কিন্তু পরিবেশের ক্ষতি করে কোনো কার্যক্রম গ্রহণযোগ্য নয়। জনগণের ভোগান্তি যেন না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

গতকাল সোমবার সকালে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে অবস্থিত ফুলকলি ফ্যাক্টরি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পাশ দিয়ে প্রবাহিত সার্জেন্ট মহি আলম খাল ঘিরে স্থানীয়ভাবে যে দুর্গন্ধের অভিযোগ রয়েছে, তা পর্যালোচনা করতেই তার এই পরিদর্শন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, পটিয়া থানার ওসি জিয়াউল হক, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মাঈনুদ্দীন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, আবদুল মাবুদসহ জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।

পরিদর্শনকালে এনামুল হক এনাম কারখানার বর্জ্য পরিশোধন প্রক্রিয়া ঘুরে দেখেন এবং ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন। এ সময় তিনি আগামী দুই মাসের মধ্যে কারখানার বর্জ্য ব্যবস্থাপনা দ্রুত পরিবেশসম্মত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

কারখানার ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর ২০১৭ সালেই ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন করা হয়। পর্যায়ক্রমে উৎপাদনসহ সব ধরনের বর্জ্য পানি ইটিপির আওতায় আনা হয়েছে। বর্তমানে পরিশোধিত পানি মানদণ্ড মেনে নিঃসরণ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

এমপি এনাম কারখানা কর্তৃপক্ষকে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়মিত তদারকি জোরদারের নির্দেশ দেন, যাতে শিল্পায়ন ও পরিবেশ সুরক্ষার মধ্যে সমন্বয় বজায় থাকে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে রাজপুত্র সাচিংপ্রু জেরীকে গণসংবর্ধনা
পরবর্তী নিবন্ধলিডার্স স্কুলের অলিম্পিয়াড সম্পন্ন