পরিবারের প্রধান হিসেবে নারীর নামে আসবে ‘ফ্যামিলি কার্ড’

রাঙামাটিতে পার্বত্য মন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডিআইজি (এপিবিএন) সালমা বেগম। গতকাল বুধবার সকালে রাঙামাটিতে মন্ত্রীর নিজ বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডিআইজি সালমা বেগম পার্বত্য অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় এপিবিএনের কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় দীপেন দেওয়ান বলেন, সরকার শীঘ্রই ‘ফ্যামিলি কার্ড’ প্রথা চালু করতে যাচ্ছে। এই কার্ডের বিশেষ বৈশিষ্ট্য হলো, পরিবারের প্রধান হিসেবে নারীর নাম অন্তর্ভুক্ত থাকবে।

মন্ত্রী আরও জানান, তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। প্রশাসনের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পার্বত্য মন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান। বর্তমান সময়ে পাহাড়ি নারীরা আর পিছিয়ে নেই। সমাজের প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। তিনি দেশের নারীদের পুলিশ, প্রশাসন, প্রতিরক্ষা, পররাষ্ট্র ও জুডিশিয়াল সার্ভিসের মতো চ্যালেঞ্জিং পেশায় ক্যারিয়ার গড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধহালিম জিলাপি সেমাইয়ে ক্রেতাদের আস্থা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের সমস্যা গঠনতান্ত্রিক নিয়মে সমাধান করা হবে : তথ্যমন্ত্রী