ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য দারুণ হতাশার। প্রথমার্ধে তাদেরকে মাঠে সেভাবে খুঁজেই পাওয়া যায়নি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হওয়ার পর কিছুটা লড়াই জমেছে। তবে শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে পারেনি তারা। ফ্রান্সের কাছে ২–১ গোলে হেরেছে ব্রাজিল। কিন্তু বিশ্বকাপের জন্য দল গুছিয়ে নেওয়ার পথে এই হেরে যাওয়া ম্যাচ থেকেই ইতিবাচক প্রাপ্তি দেখছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। বস্টনে বৃহস্পতিবার রাতে প্রীতি ম্যাচটিতে কিলিয়ান এমবাপের গোলে প্রথমার্ধে ১–০ গোলে পিছিয়ে ছিল ব্রাজিল। ৫৫তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার দায়ু উপামেকানো। তার পরও উগো একিটিকের গোলে ব্যবধান বাড়ায় ফ্রান্স। পরে ব্রাজিল একটি গোল শোধ করলেও ম্যাচ জিততে পারেনি। সব মিলিয়ে ব্রাজিলের অধারাবাহিক পারফরফম্যান্স ও ধারহীন ফুটবলে বিশ্বকাপ তাকিয়ে আশার জায়গা খুব বেশি চোখে পড়ে না খালি চোখে। তবে আনচেলত্তি দেখছেন কোচের দৃষ্টিভঙ্গিতে। সেখানে ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচ থেকেও বিশ্বাসের রসদ অনেক পেয়েছেন তিনি। ‘আমার মনে হয়, আজকের ম্যাচটি এটা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে, আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। এ ব্যাপারে আমার কোনো সংশয় নেই। আমরা দারুণ মানসম্পন্ন একটি অত্যন্ত শক্তিশালী দলের বিপক্ষে খেলেছি এবং একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি, যেখানে প্রতিপক্ষ জয় নিশ্চিত করতে সময় নষ্ট করছিল। আমি নিশ্চিত যে, আমরা বিশ্বকাপের জন্য আমাদের সর্বশক্তি দিয়ে লড়ব। পরের ম্যাচে বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।












