মীরসরাই উপজেলার আবুনগর গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক বিধবা নারীর বসতঘর ও আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের করিম ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত নুরের নাহারের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে যায়। মীরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই তিন কক্ষের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। কান্নাজড়িত কণ্ঠে নুরের নাহার বলেন, স্বামী মারা যাওয়ার পর দুই ছেলেকে নিয়ে এই ঘরেই থাকতাম। পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারিনি। রমজান উপলক্ষে বিভিন্নজনের কাছ থেকে পাওয়া যাকাত ও ফিতরার প্রায় ৫০ হাজার টাকাসহ অন্তত ১০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। এখন দুই ছেলেকে নিয়ে কোথায় থাকব জানি না।
মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার সাহলং মারমা বলেন, আমরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ক্ষতিগ্রস্ত পরিবারের ভাষ্যমতে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।













