পবিত্র লাইলাতুল বরাতে ইবাদত ও জিকিরে মুখর শাহ আমানত খান (রহ.) দরগাহ

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০২ পূর্বাহ্ণ

মহিমান্বিত পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে আধ্যাত্মিক সাধক, কুতুবুল আকতাব, শাহান শাহে বেলায়ত হজরত শাহ সুফি আমানত খান (রহ.)-এর দরগাহ শরিফে অগণিত আশেক, ভক্ত ও ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নেমেছে। সকল জাতির আস্থার ঠিকানা হিসেবে পরিচিত এই দরগাহ শরিফে প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় পবিত্র রজনীর বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

দরগাহ শরিফের আওলাদেপাক ও সাজ্জাদানসীন শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতীর সভাপতিত্বে এক বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শহরকুতুব শাহ আমানত এন্টারপ্রাইজের মালিক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. জাকির।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিল্পপতি আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন, কেল্লা শাহ মাজার শরীফের খাদেম মো. মশিউর রহমান জনি, সাংবাদিক আবুল মনসুর, মিশু রহমান ও হায়দার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে তাত্ত্বিক আলোচনা পেশ করেন:
আল্লামা আলহাজ্ব মাওলানা আবুল হাশেম শাহ: মুহাদ্দিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা।মাওলানা মুফতি শাহ ফাইজুল কাবির চৌধুরী বদরী (ম:জ:আ): খতিব, শাহ আমানত হাউজিং সোসাইটি জামে মসজিদ। হাফেজ মাওলানা মো. তবারক আলী: ইমাম, দরগাহ শরিফ জামে মসজিদ।

সন্ধ্যার পর থেকেই মমিন মুসলমানরা কুরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির-আসকার ও মিলাদ মাহফিলের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে মশগুল ছিলেন। দরগাহ শরিফের মোতোয়ালীগন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ ও সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় মাজার প্রাঙ্গণে ইবাদত-বন্দেগির জন্য নিরবচ্ছিন্ন পরিবেশ নিশ্চিত করা হয়। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও দরগাহ শরিফে আসা কয়েক হাজার ভক্ত ও মুসল্লিদের জন্য সেহেরির ব্যবস্থা করা হয়।

মাজারে আসা এক ভক্ত অনুভূতি ব্যক্ত করে বলেন, “হজরত শাহ আমানত খান (রহ.)-এর দরগাহ শরিফ যুগ যুগ ধরে সকল মানুষের আস্থার ঠিকানা ও শান্তির নীড়। পবিত্র এই রাতে আমরা দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণে দোয়া করতে এসেছি।”

মাহফিলের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্যে শাহজাদা সৈয়দ হাবিব উল্লাহ খান মারুফ শাহ সার্বিক সহযোগিতার জন্য পুলিশ প্রশাসন ও সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকলকে মোবারকবাদ জানান। পরিশেষে, দেশ ও জাতির উন্নতি এবং সকল কবরবাসীর মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে আখেরি মোনাজাত পরিচালনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকাল ফতেপুর দরবারে সৈয়দ নুরুল হুদা ফতেপুরীর ওরশ
পরবর্তী নিবন্ধধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিল পরিবার, ফাঁকা বাড়িতে চুরি