পদ্মায় পাওয়া লাশ আসামি ফোরকানের বলে প্রাথমিকভাবে শনাক্ত

গাজীপুরে পাঁচ খুন

| রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাত একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গাজীপুর জেলা পুলিশ ধারণা করছে, এটি কাপাসিয়ায় পাঁচ খুনের মামলার আসামি ফোরকান মোল্লার হতে পারে। তবে ডিএনএ পরীক্ষার পর সেটি শনাক্ত করা যাবে। গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গতকাল শনিবার সন্ধ্যায় এ কথা জানান।

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ নৌ পুলিশের দায়িত্বে থাকা পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, শনিবার দুপুর ২টার দিকে লৌহজং উপজেলার ঘোড়দৌড় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। এই এলাকাটি পদ্মা সেতু থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে। লাশ উদ্ধারের পর বিষয়টি গাজীপুর পুলিশকে জানানো হয়েছে। তারা ধারণা করছেন, এই লাশ সেখানকার পাঁচ খুনের মামলার প্রধান আসামি ফোরকানের হতে পারে। এখন লাশ গাজীপুরে পাঠানো হচ্ছে। খবর বিডিনিউজের।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত করতে ফোরকান মোল্লার ভাই জব্বার মোল্লাকে ডাকা হয়। তিনি প্রাথমিকভাবে মরদেহটি ফোরকান মোল্লার বলে শনাক্ত করেন।

কাপাসিয়ার রাউৎকোনা গ্রাম থেকে ৯ মে ফোরকানের স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এরপর বৃহস্পতিবার ফোরকান মোল্লার ব্যবহৃত মোবাইল ফোনটি পদ্মা সেতুর মাঝখান থেকে উদ্ধারের কথা জানিয়েছিলে পুলিশ। সেদিন পুলিশ পদ্মা সেতুর সিসিটিভি ভিডিও বরাতে এটাও বলেছিল, পাঁচ খুনের ঘটনার দুদিন বাদে সোমবার যেখান থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছিল; কাছাকাছি সময়েই সেখান থেকে সাদা প্যান্ট ও কালো শার্ট পরা এক ব্যক্তি পদ্মা সেতু থেকে আত্মহত্যার উদ্দেশে পদ্মা নদীতে ঝাঁপ দিয়েছেন। তবে, পুলিশ তার মরদেহের কোনো সন্ধান পায়নি। যদিও পুলিশের ধারণা, সেই ব্যক্তি ফোরকান হতে পারেন। এর দুদিনের মাথায় পদ্মা সেতুর ভাটিতে অর্ধগলিত মরদেহ উদ্ধারের কথা জানাল পুলিশ।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, লাশটি অনেকটাই বিকৃত হয়ে গেছে। ফোরকানের স্ত্রীর পরিবারের লোকজনকে বিষয়টি জানানো হয়েছে। তারা লাশটি ফোরকানের বলে শনাক্ত করেছে। কিন্তু তারপরও বিষয়টি নিশ্চিত হতে, ফোরকানের ডিএনএ প্রোফাইল পরীক্ষা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে গাড়ি চাপায় প্রাণ গেল বৃদ্ধের