পটিয়া প্রতিনিধি: পটিয়া শাহ্ আকবরিয়া ব্রাদার্স সোসাইটি অলনাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে পপুলার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তৃতীয় বারের মত হাইদগাঁও পাঠান পাড়া স্থানীয় মাঠে পপুলার স্পোর্টিং ক্লাব হারায় নুর আহমদ স্মৃতি ফাউন্ডেশন ক্রিকেট দলকে। ফাইনাল খেলায় টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নুর আহমদ স্মৃতি ফাউন্ডেশন ক্রিকেট দল। পপুলার স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে। ৭৮ রান তাড়া করতে নেমে নুর আহমদ স্মৃতি ব্যাটিং বিপর্যয়ে পড়ে। নির্ধারিত ওভারে ৫উইকেট হারিয়ে ৫৪ রান করতে পারে তারা। ২৩ রানের জয় পায় পপুলার স্পোর্টিং ক্লাব। পুরস্কার লাভ করেন ম্যান অব দা ম্যাচের বিজয়ী দলের মো. রমজান, গেম চেঞ্জার পুরস্কার পান মো. মামুন, সেরা ফিল্ডার মো. ইরফান, বেস্ট উইকেট কিপার নুর আহমদ স্মৃতির মো. রাব্বি, বেষ্ট বোলার একই দলের গাজী হাসান সাদাত, বেস্ট ব্যাটার অব দা টুর্নামেন্ট বিজয়ী দলের মো. দিদার, উদীয়মান ক্রিকেটার মো. তৌহিদ, প্লেয়ার অব দা টুর্নামেন্ট নুর আহমদ স্মৃতির মিজবাহ্ এবং ডিসিপ্লিন টিমের পুরস্কার লাভ করেন মরহুম আবুল কাসেম ইঞ্জিনিয়ার স্মৃতি ফাউন্ডেশন। মো. আসিদ হোসেন মাসুমের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন আব্বাস উদ্দিন তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন এনাম উদ্দিন। বক্তব্য রাখেন ইমরানুল হক মুন্না, মো. পারভেজ আলম। বিশেষ অতিথি ছিলেন মো. ইলিয়াছ আজম চৌধুরী, আবদুর রাজ্জাক, সাংবাদিক শফিউল আজম, ইউপি সদস্য মো. রাসূলে হাদ্দাস, তছলিমা নূর, ডা. সঞ্জয় দাশ, মো. সামশুল আলম, মো. ফারুক, জাহাঙ্গীর আলম, আজিজুল হক, মো. আলমগীর প্রমুখ।












