পটিয়া থানা পুলিশের অভিযানে ছিনতাই হওয়া লুণ্ঠিত মালামালসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাঁশখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালী জেলার বাউফল থানার আলী আহম্মদের পুত্র মো. মামুন (২১)। তিনি বর্তমানে চট্টগ্রামের বাকলিয়া থানার তুলাতলী এলাকায় বাড়া বাসায় থাকেন। গ্রেপ্তার অপরজন পটিয়া উপজেলার কোলাগাঁও ইউপির কোলাগাঁও ময়নার মার বাড়ির মো. মনিরের পুত্র মারুফ হাসান রাফী (১৪)।পুলিশ জানায়, গ্রেপ্তারের পর স্বীকারোক্তি মোতাবেক তাদের হেফাজত থেকে একটি পিকআপ, ৩ হাজার ৩২০ কেজি বিভিন্ন প্রকারের সামুদ্রিক শুটকি, একটি মোবাইল ফোন সহ প্রায় ১৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়।
জানা গেছে, গত ৮ মার্চ রাত অনুমান ১১টার দিকে পটিয়া থানাধীন কচুয়াই ইউনিয়নের ১নং ওয়ার্ড চট্টগ্রাম–কক্সবাজার বাইপাস মহাসড়কের উপর থেকে কতিপয় ছিনতাইকারীরা লুৎফুর রহমান নামক একজন শুটকি ব্যবসায়ীর একটি পিকআপ, ৪১২০ কেজি বিভিন্ন প্রকারের সামুদ্রিক শুটকি, একটি মোবাইল ফোন সহ ১৮ লাখ ১০ হাজার টাকা ছিনতাই করার ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে বাঁশখালী এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত এ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।











