পটিয়ায় সোহেল হত্যা মামলার আসামি কায়েস বাকলিয়ায় গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২২ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ কায়েস (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার রাতে নগরীর বাকলিয়া কল্পলোক এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি টিম তাকে গ্রেপ্তার করেন। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত মেজর মো. আশরাফুজ্জামান। গ্রেপ্তার হওয়া কায়েসের বিরুদ্ধে পটিয়া থানায় হত্যা মামলার একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। জানা গেছে, পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল ২০২২ সালের ২২ এপ্রিলে খুন হন। এ ঘটনায় চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে কায়েসকে প্রধান আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর কায়েস গ্রেপ্তার হলেও পরবর্তীতে সে জামিনে বের হয়। মামলার বাদী আবুল কাসেম জানান, তার ছোট ভাইকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় তিনি বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় ওযারেন্ট ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।

বাকলিয়া থানার ডিউটি অফিসার ও এএসআই রুমা বড়ুয়া জানান, পটিয়া থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টের আসামিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে গ্রেফতার করেছে। যেহেতু মামলা পটিয়া থানায় সে কারণে আসামিকে পটিয়া থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে। পরবর্তীতে হত্যা মামলার আসামী কায়েসকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।

পূর্ববর্তী নিবন্ধমা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পরবর্তী নিবন্ধরাজস্ব বোর্ডের মতিউরের চারটি প্লট ক্রোক