পটিয়ায় গাছ থেকে বড়ই পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ সাজ্জাদ নামের এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। গত রোববার রাতে উপজেলার ছনহরা ইউনিয়নের উত্তর ছনহরা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর ছনহরা গ্রামের প্রবাসী মন্নানের স্ত্রীর সঙ্গে তার দেবর প্রবাসী আবু বকরের ছেলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মন্নানের স্ত্রী তার ভাই আশিয়া ইউনিয়নের বাসিন্দা মো. মানিককে খবর দেন। মানিক ৫–৬ জন সঙ্গী নিয়ে ঘটনাস্থলে গিয়ে আবু বকরের পরিবারের সদস্যদের মারধর শুরু করেন বলে অভিযোগ ওঠে। এ সময় ঝগড়া থামাতে গেলে প্রতিবেশী মো. সাজ্জাদ ছুরিকাঘাতে আহত হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী মানিকসহ তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটকে রাখে।
খবর পেয়ে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে পুলিশের দুটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে উত্তেজিত জনতা বাধা দেয় এবং তাদের নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, বহিরাগত লোক এনে এলাকায় সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়েছে।
পরবর্তীতে রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় উভয় পরিবারের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়। স্থানীয় ইউপি সদস্য জায়দুল হক জানান, মুচলেকা নিয়ে আটক তিনজনকে রাত সাড়ে তিনটার দিকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ বড় আকার ধারণ করেছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটককৃতদের উদ্ধার করে আনার সময় উত্তেজিত লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে উভয় পরিবারের মধ্যে সমঝোতা হওয়ায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।









