পটিয়ায় তালাবদ্ধ বসতঘরের টিন খুলে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার আশিয়া ইউনিয়নের আশিয়া মল্লাপাড়া নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল দুপুরে ভুক্তভোগী মোজাফফর আহমদ চৌধুরী (৬৫) বাদী হয়ে পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগসূত্রে জানা গেছে, ভুক্তভোগী মোজাফফর আহমদ চৌধুরী ঘটনার আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে স্ত্রীকে নিয়ে বড় মেয়ের বাড়িতে বেড়াতে যান। এ সময় তিনি বসতঘরের দরজায় তালা লাগিয়ে যান। তার অনুপস্থিতিতে ২৪ এপ্রিল রাত ১টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরের টিনের ছাউনি খুলে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্টিলের আলমিরা থেকে নগদ ৪৮ হাজার টাকা, প্রায় ৬ ভরি ৮ আনা স্বর্ণালংকার এবং পরিবারের সদস্যদের ৩টি পাসপোর্ট, ৪টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ৩টি জন্ম নিবন্ধন সনদ নিয়ে যায়। এছাড়া দুর্বৃত্তরা জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র রান্নাঘরে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, পরদিন ২৫ এপ্রিল সকাল ১০টার দিকে বাড়িতে ফিরে এসে ভুক্তভোগী ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে রান্নাঘরের টিনের দরজা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে তিনি ঘরে প্রবেশ করেন এবং চুরির বিষয়টি নিশ্চিত হন। তিনি বলেন, বিকেলে ফিরে এসে দেখি ঘরের ভেতরের সব লণ্ডভণ্ড অবস্থায়। পরে দেখি আমার ঘরের স্বর্ণ, টাকা কিছুই নেই। আমার সব দলিল প্রয়োজনীয় নথিপত্র সব পুড়ে ছাই করে ফেলেছে।
এ বিষয়ে পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।














