চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য ও ভাটিখাইন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেহ মোহাম্মদ শাহরিয়ার ওরফে শাহারুকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের করল এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহরু মৃত আবু তালেবের ছেলে।
পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গত ১৬ ডিসেম্বর রাতে গৈড়লার টেক এলাকায় স্মৃতিসৌধে দলীয়ভাবে পূষষ্পমাল্য দেওয়ার অভিযোগে সন্ত্রাস দমন আইনে মামলা, বৈষম্য বিরোধী ছাত্র–জনতার আন্দোলনে ছাত্র হত্যার চেষ্টা ও আরেকটি বিস্ফোরক দ্রব্যসহ তিনটি মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলাসমূহের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।












