পটিয়ায় ছেঁড়া বিদ্যুতের তার সরাতে গিয়ে প্রাণ গেল যুবকের

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২৬ at ৮:৩৬ পূর্বাহ্ণ

পটিয়ায় গাছের ডাল কাটতে গিয়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তার সরাতে গিয়ে প্রাণ হারিয়েছেন মো. আরফাত হোসেন ইমন (২৮) নামে এক যুবক। গতকাল সোমবার বিকেলে পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন কাগজীপাড়া এলাকার ইয়াকুব আলী মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির পাশে গাছের ডাল কাটার সময় বাড়ির বিদ্যুৎ সংযোগের সার্ভিস তার ছিঁড়ে উঠানে পড়ে যায়। বিকেলে বিদ্যুৎ বিভাগের কর্মীরা তারটি মেরামত করতে এলাকায় আসেন। এ সময় ইমন তারটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তারের সঙ্গে জড়িয়ে পড়েন।

পরে ঘটনাস্থলে উপস্থিত বিদ্যুৎ বিভাগের কর্মীরা বৈদ্যুতিক খুঁটিতে উঠে সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর ইমনকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলার বিবরণ অনুযায়ী, বিকেল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ইমনের বাবা মো. ইয়াকুব আলী মাঝি বাদী হয়ে পটিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সফর ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে
পরবর্তী নিবন্ধসম্প্রীতির বাংলাদেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী